চাঁদপুর কচুয়া উপজেলা আ.লীগ সভাপতি শাহজাহান শিশির গ্রেপ্তার

চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের দুবারের চেয়ারম্যান শাহজাহান শিশিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার দুপুরে ঢাকার মালিবাগের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চাঁদপুরে আনা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. মজিবুর রহমান। তিনি জানান, শাহজাহান শিশিরকে কচুয়া থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সন্ধ্যায় তাকে আদালতে পাঠানো হবে।
এদিকে, গ্রেপ্তারকৃতের স্ত্রী নুরুন্নাহার অভিযোগ করে বলেন, “শিশিরের নামে চলমান কয়েকটি মামলায় তিনি জামিনে ছিলেন। কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি। রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগের একটি পক্ষ নির্বাচনের আগে থেকেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বর্তমানে তিনি অসুস্থ ও চিকিৎসাধীন।”
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, শাহজাহান শিশির কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে পরপর দুইবার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার গ্রেপ্তারকে ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।




