চাঁদপুর সকাল

চাঁদপুরে কোটি টাকা নিয়ে লাপাত্তা কিশোর সিংহ রায় অবশেষে থানা হেফাজতে

৭ মাস আগে
চাঁদপুরে কোটি টাকা নিয়ে লাপাত্তা কিশোর সিংহ রায় অবশেষে থানা হেফাজতে

অস্ট্রেলিয়া নেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে পালিয়েছিলেন চাঁদপুর নাভানা হাসপাতালের মালিক কিশোর সিংহ রায়। অবশেষে চাঁদপুর মডেল থানার পুলিশের হেফাজতে প্রতারক কিশোর সিংহ রায়।


এই প্রতারক হাসপাতালের মালিক চাঁদপুর সদরের ৯নং বালিয়া ইউনিয়নের ফারাক্কাবাদ গুলিসা গ্রামের মৃত কানু সিংহ রায়ের ছেলে। সে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন, আর সেই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আরও বেশি মানুষকে প্রভাবিত করেছেন।


দীর্ঘদিন লুকিয়ে থাকার পর সম্প্রতি বিশেষ কাজে তিনি হাসপাতালের অফিস রুমে আসেন। খবর পেয়ে ক্ষতিগ্রস্তরা সেখানে উপস্থিত হন। তারা পাওনা টাকা চাইলে কিশোর সিংহ রায় তা দিতে অস্বীকার করেন। পরে ক্ষুব্ধ জনতা তাকে অবরুদ্ধ করে ও লাঞ্ছিত করে।


চাঁদপুর মডেল থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের হেফাজতে নেওয়ার খবর ছড়িয়ে পড়লে, অসংখ্য পাওনাদার থানার সামনে জড়ো হন।


নাভানা প্রাইভেট হাসপাতালের মালিক কিশোর সিংহ রায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়া ও কানাডা পাঠানোর লোভ দেখিয়ে শতাধিক মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় ১০ কোটি টাকা। তবে শুধু বিদেশ নেওয়ার প্রলোভনই নয়, নিজের হাসপাতালের শেয়ার দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েও কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। অনেকে জানান প্রতি জনের কাছ থেকে গড়ে ১৪ লাখ টাকা করে নিয়েছিলেন বিদেশে নেওয়ার নামে। কেউ কেউ হাসপাতালের শেয়ার কিনেছেন ভেবে কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করেছেন। তারা আরও বলেন, পালিয়ে যাওয়ার আগেই কিশোর সিংহ রায় নিজের ফ্ল্যাট বিক্রি করে সেই টাকা ভারতে পাচার করেছেন।


এমনকি হাসপাতালের অনেক মালামালও অন্যত্র বিক্রি করে দিয়েছেন। ভুক্তভোগীদের দাবি এই প্রতারকের বিরুদ্ধে যেন দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয়।