ঢাকাসহ দেশের ৩৪টি জেলায় বইছে তাপপ্রবাহ

তাপদাহে পুড়ছে দেশ। দিনদিন তাপমাত্রার পারদ ওপরের দিকে উঠছে। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। ঢাকাসহ দেশের ৩৪টি জেলা বর্তমানে তাপপ্রবাহের আওতায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সপ্তাহের শেষের দিকে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমে আসতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের বেশির ভাগ এলাকায় এখনো বৃষ্টির ঘাটতি রয়েছে। তবে গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে, যেখানে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
আজ সোমবার (১ জুন) দেশের আটটি বিভাগেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, বর্তমানে দেশের ৩৪টি জেলায় তাপপ্রবাহ চলছে। এর ফলে গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। তবে ধীরে ধীরে তাপপ্রবাহের বিস্তার কমে আসার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও আগামী ৩ জুন থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এ সময় টেকনাফ উপকূলে মৌসুমি বায়ুর প্রভাব আরও সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, যা সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়াবে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন গরম অব্যাহত থাকলেও সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাত বাড়লে পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হতে পারে।




