চাঁদপুর সকাল

হাজীগঞ্জ বাজার ফুটপাত দখলমুক্ত রাখতে টানা পঞ্চম দিনের মতো উচ্ছেদ অভিযান

৭ দিন আগে
হাজীগঞ্জ বাজার ফুটপাত দখলমুক্ত রাখতে টানা পঞ্চম দিনের মতো উচ্ছেদ অভিযান

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে যানজট কমানো এবং ফুটপাত দখলমুক্ত রাখতে টানা পঞ্চম দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ প্রশাসন। অভিযানে ফুটপাত দখল করে বসা হকারদের মালামাল ও ব্যবসায়িক আসবাবপত্র জব্দ করা হয়েছে।

একই সঙ্গে তিনটি যাত্রীবাহী বাসকে মোট ১৫ হাজার টাকা জরিমানা এবং কয়েকটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত বাজারের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

বিকেলে চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়কে যাত্রী ওঠানামা ও যানজট সৃষ্টির দায়ে বোগদাদ, আইদি ও সৌদিয়া পরিবহনের একটি করে বাসকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে দুটি মোটরসাইকেল ও ছয়টি সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। অভিযানে বিভিন্ন অটোরিকশা ও সিএনজির অবৈধভাবে স্থাপিত অতিরিক্ত সিটও খুলে নেওয়া হয়।

এর আগে সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান হাজীগঞ্জ বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি দোকানমালিকদের সতর্ক করে বলেন, কোনো দোকানের সামনে হকার বসে ব্যবসা করলে সংশ্লিষ্ট দোকানমালিকের বিরুদ্ধেও জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শনকালে সাতটি অস্থায়ী পান-সিগারেটের দোকান উচ্ছেদ এবং রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে চারটি মুচির দোকান অপসারণ করা হয়। হকারদের ফুটপাত ও সড়কে ব্যবসা না করার নির্দেশ দিয়ে পুলিশ সুপার বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

অভিযানে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা, ট্রাফিক সার্জেন্ট ইব্রাহিম খলিল, মাহফুজুর রহমান এবং বাজার পরিদর্শক সাফিউল বাসার রুজমন উপস্থিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল ও সড়কে অবৈধভাবে ব্যবসা পরিচালনার কারণে হাজীগঞ্জ বাজারে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং বাজারকে দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে। এ কাজে ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে প্রশাসন।