চাঁদপুর সকাল

পরিদর্শণে পুলিশ সুপার : টানা অভিযানে হাজীগঞ্জে রাস্তা ছাড়ছেন হকাররা, ৯ ভ্যানগাড়ি জব্দ

৯ দিন আগে
পরিদর্শণে পুলিশ সুপার : টানা অভিযানে হাজীগঞ্জে রাস্তা ছাড়ছেন হকাররা, ৯ ভ্যানগাড়ি জব্দ

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে যানজট কমাতে ও ফুটপাত দখলমুক্ত রাখতে টানা দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ। পৃথক দুই অভিযানে ৯টি ভ্যানগাড়ি ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ছাড়া ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুই দোকানিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের নেতৃত্বে প্রথম দফার অভিযান পরিচালিত হয়।

অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ছয়টি ভ্যানগাড়ি জব্দ করা হয়। একই সঙ্গে দুই দোকানিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন।

একই দিন বিকেলে চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুতফুর রহমানের নেতৃত্বে হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় দ্বিতীয় দফার অভিযান পরিচালিত হয়। এ সময় আরও তিনটি ভ্যানগাড়ি ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সন্ধ্যায় অভিযানের অগ্রগতি দেখতে হাজীগঞ্জ বাজার পরিদর্শনে আসেন চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান।

তিনি সড়ক ও ফুটপাতে হকারদের বসতে নিষেধ করেন এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে সতর্ক করেন।

দুই অভিযানে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা, ট্রাফিক সার্জেন্ট ইব্রাহিম খলিল, মাহফুজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা নূরে আলম, বাজার পরিদর্শক সামিউল বাসার রুজমন, স্যানিটারি ইন্সপেক্টর নাহিদুল ইসলাম এবং প্রধান সহকারী আব্দুল লতিফ।

উপজেলা প্রশাসন জানায়, ফুটপাত দখল ও সড়কে অবৈধভাবে ব্যবসা পরিচালনার কারণে দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বাজারে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।