চাঁদপুর সকাল

শিক্ষার্থীদের আন্দোলনে আইদি ও বোগদাদ বাস থামমে বলাখালে

৫ মাস আগে
শিক্ষার্থীদের আন্দোলনে আইদি ও বোগদাদ বাস থামমে বলাখালে

বহু চিঠি চালাচালি আর পরিবহন নেতাদের ওয়াদা যখন বারবার কাজে আসছিলো না, ঠিক তখন শিক্ষার্থীরা নেমে এলো সড়কে।

প্রায় দেড় ঘন্টা সড়কে পরিবহন অবরুদ্ধ থাকার পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে। সোমবার (১৮ মে ২০২৬) থেকে হাজীগঞ্জের বলাখাল বাজারে দুটি গণপরিবহনের স্টপেজ দেয়া হবে। বিষয়টি শিক্ষার্থীদেরকে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।

সোমবার দুপুরে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়। বলাখালে আন্দোলনরত শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বলাখাল বাজারে বাস স্টপেজ দেয়ার দাবি বলাখালবাসীসহ বলাখালের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের থেকে বারবার উঠে আসছিলো। এ সড়কে চলাচলকারী বোগদাদ পরিবহন ও আইদি পরিবহনের স্থায়ী বাস স্টপেজ প্রয়োজন।

এ নিয়ে বলাখালের নেতৃবৃন্দ বারবার পরিবহন সেক্টরে ও প্রশাসনিক সেক্টরে চিঠি চালাচালি করেছেন। কিন্তু এ নিয়ে কোনো সদুত্তর না পেয়ে এদিন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বলাখাল বাজারে সড়কের ওপর অবস্থান নেয় এখানকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী।

এ সময় সড়কের দুপাশে কয়েক কিলোমটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন বলাখালে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেন এবং বোগদাদ পরিবহন ও আইদি পরিবহনের স্টপেজ নিশ্চিত করার ঘোষণা দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে ক্লাসে ফিরে যায়।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার আব্দুল মান্নান, বলাখাল মকবুল আহমেদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম, বলাকা চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, উপজেলা শ্রমিক নেতা রাশেদ আলম হীরা, ছাত্রনেতা সাগর হোসেন প্রমুখ।