কচুয়ায় ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ চিকিৎসক গ্রেফতার

কচুয়ায় সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী (৩৫)কে ইয়াবা ও বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১০ আগস্ট ২০২৬) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৯ আগস্ট) রাতে কচুয়া বিশ্বরোড সংলগ্ন সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলায় অভিযান চালানো হয়। হাসপাতালের ওই তলার পশ্চিম পাশের আবাসিক কক্ষ থেকে চিকিৎসক ডা. আসিফকে গ্রেফতার করা হয়। অভিযানকালে তার কক্ষ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনে ব্যবহৃত ২ রোল ফয়েল পেপার, বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জামাদি এবং ২টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী টাঙ্গাইল জেলার বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরও জানান, গ্রেফতারকৃত চিকিৎসকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রাতেই তাকে কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




