শাহরাস্তিতে দু’শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

চাঁদপুরের শাহরাস্তিতে দু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সকাল ৮ টায় উপজেলার চিতোষী সুলতানিয়া মাদ্রাসার একটি কক্ষে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ শিক্ষককে আটক করে। অভিভাবক ও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে চিতোষী পূর্ব ইউনিয়নের সুলতানিয়া ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণীর দুজন ছাত্রীকে এ মাদ্রাসার ইংরেজি শিক্ষক আব্দুল মালেক কুপ্রস্তাব প্রদানসহ ভিকটিমদ্বয়ের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এতে ওই ছাত্রী চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করলে শিক্ষক আব্দুল মালেক ছাত্রীকে জোরপূর্বক শ্রেণী কক্ষের বেঞ্চিতে শুইয়ে ধর্ষণের চেষ্টা করে।
এক পর্যায়ে ভুক্তভোগী ধস্তাধস্তি করে অভিযুক্ত শিক্ষকের হাত থেকে আত্মরক্ষার চেষ্টা করে মাদ্রাসার অধ্যক্ষের কাছে গিয়ে বিষয়টি জানালে অধ্যক্ষ ভুক্তভোগী শিক্ষার্থীকে ধমক দেয়। এ সময় কোনো ধরনের প্রতিকার না পেয়ে ভুক্তভোগী শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করে।
এ ঘটনায় মাদ্রাসার অভিভাবক সদস্য ইব্রাহিম খলিল মঞ্জুজু বলেন, আমি বিষয়টি ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবারের কাছ থেকে জেনেছি। এ বিষয়ে অধ্যক্ষ একরামুল হক মজুমদার বিষয়টি সমাধানের চেষ্টা করলে এতোদূর যেতো না। এখানে অধ্যক্ষের গাফলতি রয়েছে।




